এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : সম্প্রতি ব্যাংক রেজুলেশন আইন পাসের পর দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীলতা সৃষ্টি ও আস্থাহীন পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রবিবার (২৪মে) বিকাল ৫টায় পাটগ্রাম বাজারের ইসলামী ব্যাংক পাটগ্রাম শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং এস আলম গ্রুপকে ব্যাংকে আধিপত্য বিস্তারের ষড়যন্ত্রমূলক অপতৎপরতার প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, ইতিমধ্যেই ব্যাংকটি সুনামের সাথে লাখো মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় অর্থনীতিতে বিপুল অবদান রাখা একটি সফল ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে যা সচেতন গ্রাহকসহ এদেশের মানুষ কোনোভাবেই বাস্তবায়ন হতে দেবে না।বিশিষ্ট ব্যবসায়ী মো:আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পাটগ্রাম বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মো: সাজিদ হাসান সুজন, মো:রেজওয়ান কবির, মো:ফেরদৌস আলম প্রমুখ।
মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের সংশ্লিষ্ট মহলের প্রতি দাবী জানানো হয়।