এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোল্লার বাজার ও কুমারপাড়ার ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন লালমনিরহাট -১ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এমপি।
শনিবার (১আগস্ট) নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের অধীনে চলমান জিও ব্যাগ ফেলার কাজের অগ্রগতি পরিদর্শনে যান লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় তিনি সংশ্লিষ্ট এলাকার চলমান কাজ সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি কাজের যথাযথ মান বজায় রেখে দ্রুততম সময়ে ভাঙন প্রতিরোধের কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, যুবদলের আহবায়ক আনিছুর রহমান, পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ এবং পানি উন্নয়ন বোর্ডের এসডিও রিওনসহ স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
উল্লেখ্য যে,ধরলা নদীর অব্যাহত ভাঙনের কারণে জোংড়া ইউনিয়নের মোল্লার বাজার ও কুমারপাড়া এলাকার বসতভিটা, কৃষিজমি এবং গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে হুমকির মুখে রয়েছে। তাই দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর। সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। চলমান জিও ব্যাগ ফেলার কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং মানসম্মতভাবে সম্পন্ন হলে ভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ভাঙনকবলিত এলাকায় স্থায়ী নদী শাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।