এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে ৪টি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/৪-এস এবং ৮৪২/৫-এস-এর মধ্যবর্তী স্থান শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বরমতল মাইয়ামরা ঘাটে এ ধরনের ঘটনা ঘটে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তাদের অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/৪-এস এবং ৮৪২/৫-এস-এর মধ্যবর্তী স্থান হতে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে বরমতল নামক স্থানে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের জন্য গমন করলে ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা ফায়ার করে বাংলাদেশি নাগরিকদের ৪টি নৌকা নদীর পার হয়ে ভারতীয় বিএসএফ-এর সদস্যরা ক্যাম্পে নিয়ে যায়।
তবে এ বিষয়ে স্থানীয় একটি সূত্র জানায়, ধরলা নদীর শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে তারা নৌকা নিয়ে এসে বালু উত্তোলন করার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর প্রায় ৫০-৬০ জন সদস্য শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ৫ রাউন্ড গুলি ছোড়ে ৪টি নৌকা নিয়ে যায়।
বিজিবি জানায়, ইতিপূর্বে একাধিকবার সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের ঘটনা ঘটেছে এবং বিজিবি ও বিএসএফ কর্তৃক একাধিকবার নিষেধ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, উল্লেখিত পরিস্থিতির বিষয়ে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। বিজিবি-বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে। এ বিষয়ে ইউএনও এবং সংশ্লিষ্ট থানার ওসিকে জানানো হয়েছে। এ ব্যাপারে উক্ত এলাকায় বিজিবি টহলদলের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।