মোঃ কামরুজ্জামান সরকার বাবু ,পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলার পোরশা উপজেলায় হঠাৎ গতকাল বিকেলে আঘাত হানলো তীব্র শিলাবৃষ্টি। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ধানক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পেকে ওঠার মুখে থাকা সোনালী ধান বাতাসে ও শিলার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। অনেক কৃষকের দীর্ঘমেহনতের ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, ক্ষেতের প্রায় ১২ আনা ধানই শিলাবৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ঝরে গেছে। বছরের একমাত্র প্রধান ফসল ঘরে তোলার এই সময়ে এমন বিপর্যয়ে মাথায় হাত পড়েছে তাদের। ঋণ করে ও ধার-দেনা করে চাষাবাদ করা এসব কৃষক এখন চরম আর্থিক অনিশ্চয়তা ও লোকসানের মুখে পড়েছেন।
প্রকৃতির এমন আচরণে ক্ষতিগ্রস্ত কৃষকরা বুকভাঙ্গা কান্নায় ভেঙে পড়েছেন।