এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ (৬১ বিজিবির) অভিযানে ভারতীয় অবৈধ বিভিন্ন ব্র্যান্ডের ১৫০টি মোবাইল ডিসপ্লে আটক করা হয়েছে।
জেলার হাতীবান্ধা সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অধীনস্থ সিংগীমারী বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে এ সকল অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) হাতিবান্ধা উপজেলার সিংগীমারী বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকা থেকে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়খাতা মেডিকেল মোড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবির টহলদল Oppo, Vivo, Samsung, iPhone, Realme-সহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১৫০টি অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করতে সক্ষম হয়।
আটককৃত এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ১০,০৬,০০০/- (দশ লক্ষ ছয় হাজার) টাকা।
সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা এবং সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং এমন অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সুত্রে জানা গেছে।