বাবলু তন্তবায় দীপু, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গিলানী চা বাগানে আবেগঘন পরিবেশে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা জানিয়েছেন চা শ্রমিকরা। দীর্ঘদিনের স্মৃতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনে আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ, সর্দার, ছাত্র-যুবক, ময়মুরুব্বি ও সাধারণ চা শ্রমিকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদায় অনুষ্ঠানে অনেকের চোখে অশ্রু দেখা যায়। সহকারী ব্যবস্থাপকের সঙ্গে কর্মজীবনের বিভিন্ন স্মৃতি ও সম্পর্কের কথা স্মরণ করে তাঁকে শুভকামনা জানান উপস্থিত ব্যক্তিরা।
গিলানী চা বাগানের ব্যবস্থাপক হিমালয় সাহের উপস্থিতিতে আয়োজিত এ বিদায় সম্ভাষণে বাগানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড টিলা ক্লার্ক শামীম আহমেদ চৌধুরী, সহকারী টিলা ক্লার্ক অনিল কুমার সিংহা, শুভ বাউরী, হাজিরা ক্লার্ক সৃজল চন্দ্র দত্ত, কম্পাউন্ডার প্রদীপ বুনার্জী, মিডওয়াইফ অলকা রানী রায়, মেম্বার স্বরুপ বুনার্জী, বাগান পঞ্চায়েতের সভাপতি অমল ভৌমিক এবং সাধারণ সম্পাদক অমৃত তাঁতী।
এ ছাড়া বাগানের সর্দারবৃন্দ, ছাত্র-যুবক, ময়মুরুব্বি ও সর্বস্তরের চা শ্রমিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদায় উপলক্ষে উপস্থিত ব্যক্তিরা বিদায়ী সহকারী ব্যবস্থাপকের কর্মজীবনের স্মৃতি তুলে ধরেন এবং তাঁর আগামী দিনের পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
একজন সহকারী ব্যবস্থাপকের বিদায় কেবল কর্মস্থল পরিবর্তনের ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক, একসঙ্গে কাটানো সময় এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার স্মৃতি। গিলানী চা বাগানের এই বিদায় আয়োজনেও সেই সম্পর্কের প্রতিফলন দেখা যায়।