মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : সেবা ও মানবতার অঙ্গীকার নিয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী। এই বিশেষ দিনটি উদযাপন উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে ৭ মে ২০২৬, বৃহস্পতিবার এক বিশাল ‘ফ্রি হেলথ ক্যাম্প’ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে এলাকার কয়েকশ সাধারণ মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়। দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে আগত সেবাগ্রহীতাদের জন্য ছিল বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং ব্লাড প্রেসার নির্ণয়ের বিশেষ সুবিধা।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়,প্রতিষ্ঠানের ৭ম বর্ষে পদার্পণকে স্মরণীয় করে রাখতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের একঝাঁক স্বেচ্ছাসেবী পুরো ক্যাম্প পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন।ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়ায় জানান, বর্তমান সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যেখানে ব্যয়বহুল, সেখানে বাড়ির কাছে এমন বিনামূল্যে উন্নত মানের সেবা ও পরীক্ষা করার সুযোগ তাদের জন্য অত্যন্ত আনন্দের এবং সহায়ক হয়েছে।
প্রতিষ্ঠাতা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, "গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার গত সাত বছর ধরে আস্থার সাথে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সাথে আমাদের এই যৌথ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, সুস্থ সমাজ গঠনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা অত্যন্ত জরুরি।"
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং উভয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং হেল্থ ক্যাম্পটি সফল ভাবে সম্পন্ন করা হয়।