এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রামে সামাজিক সংগঠন ‘ইহসান ইয়ুথ সার্কেল’-এর উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) পাটগ্রামের বিভিন্ন সুবিধাজনক স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ইহসান ইয়ুথ সার্কেলের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সামাজিক দায়বদ্ধতা থেকে গঠিত এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার অসচ্ছল, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান এবং অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় কাজ করে যাচ্ছে। এছাড়া হতদরিদ্র পরিবারের কন্যাদের বিবাহে সহযোগিতা, যেকোনো মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে পাশে দাঁড়ানোসহ মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধের মতো অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে নিরন্তন সামাজিক সচেতনতা সৃষ্টি করে আসছে।
সংগঠনটির দায়িত্বশীলরা জানান, সদস্যদের নিজস্ব তহবিল ও স্থানীয় কিছু গুণীজনের সহযোগিতায় এখন পর্যন্ত সীমিত পরিসরে এসব সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করা হচ্ছে। আগামীতে তাদের এসব মহৎ ও জনকল্যাণমুখী উদ্যোগকে আরও ব্যাপক পরিসরে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।