এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা ও উপজেলা সদরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে চরম আতঙ্ক ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ পথচারী, ব্যবসায়ী ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, পাটগ্রাম পৌরসভার সাহেবডাঙ্গা, পৌরসভা কার্যালয় চত্বর, পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা, পোস্ট অফিস পাড়ামোর, বাসটার্মিনাল এবং বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে বেওয়ারিশ কুকুরের আনাগোনা ও উপদ্রব সবচেয়ে বেশি। বিশেষ করে সকাল ও বিকেলে স্কুলগামী ছোট শিশু এবং সাধারণ পথচারীদের চরম আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো এসব কুকুরের উৎপাতে পথচারীরা অসহায় হয়ে পড়েছেন। হাত বা কাঁধে বাজারের ব্যাগ নিয়ে চলাফেরা করাও দায় হয়ে উঠেছে। অনেক সময় পথচারী ব্যাগ নিয়ে যাওয়ার সময় কুকুরগুলো দলবদ্ধভাবে তেড়ে এসে আক্রমণ করার চেষ্টা করে।
এ বিষয়ে পাটগ্রাম পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা ও সাংবাদিক তৌফিকুল ইসলাম সজীব বলেন, “সাহেবডাঙ্গা, পোস্ট অফিস পাড়া ও তাহেরা বিদ্যাপীঠ এলাকাসহ পুরো পৌর শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরমে পৌঁছেছে। বাজারের ব্যাগ হাতে নিয়ে স্বাভাবিকভাবে হাঁটাও মুশকিল। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
গত বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়। সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবাগত পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাটগ্রাম পৌরসভার প্রশাসক মিজ্ ফারজানা আখতার জানান, “আমি সবেমাত্র এই উপজেলায় যোগদান করেছি এবং পৌর প্রশাসক হিসেবে এখনো নিয়মিত অফিস শুরু করতে পারিনি। বিষয়টি জেনেছি, দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”