এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল আটক করেছে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২,২১,২০০ (দুই লক্ষ একুশ হাজার দুইশত) টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে ১৯ আগস্ট (বুধবার) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬১ বিজিবি-এর অধীনস্থ সিংগীমারী বিওপির একটি টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২৭৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক করা হয়।
এছাড়াও, জেলার পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি-এর অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী বিওপির টহলদল আরেকটি অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেংটি পাকা রাস্তা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১২৫ সিসির একটি ভারতীয় ফনিক্স মোটরসাইকেল (রেজিস্ট্রেশনবিহীন) জব্দ করা হয়।
অভিযান ও আটকের বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।