বাবলু তন্তবায় দীপু, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: ৫০০ টাকা দৈনিক মজুরি, ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহার, ভূমি অধিকার নিশ্চিতকরণ এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন বাস্তবায়নসহ চার দফা দাবিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টায় চান্দপুর চা বাগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চান্দপুরসহ আশপাশের বিভিন্ন চা বাগানের চা শ্রমিক, পঞ্চায়েত প্রতিনিধি, ছাত্র, যুবক, শ্রমিক নেতা ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। তাই শ্রমিকদের জীবনমান ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবিলম্বে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান তারা।
চা শ্রমিক নেত্রী সন্ধা রানী ভৌমিক বলেন, “চা শ্রমিকরা যুগের পর যুগ পরিশ্রম করে আসছেন। কিন্তু বর্তমান মজুরি দিয়ে একটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালানো অত্যন্ত কঠিন। শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
মানববন্ধন থেকে চা শ্রমিকদের চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহার করতে হবে।
২. চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করতে হবে।
৩. চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করতে হবে।
৪. দ্রুত চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন করতে হবে।
চান্দপুর চা বাগানের সভাপতি সাধন সাঁওতাল বলেন, চা শ্রমিকদের ভূমি অধিকার দীর্ঘদিনের দাবি। প্রজন্মের পর প্রজন্ম চা বাগানে বসবাস ও কাজ করলেও ভূমির ওপর তাদের স্থায়ী অধিকার এখনো নিশ্চিত হয়নি। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এ সময় পঞ্চায়েত প্রতিনিধি ও চা শ্রমিক নেতারা বলেন, চা শ্রমিকদের দাবি শুধু শ্রমিকদের দাবি নয়; এটি তাদের পরিবার, সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ও মর্যাদার সঙ্গে জড়িত। বিশেষ করে ভূমির অধিকার নিশ্চিত হলে চা শ্রমিকদের জীবনযাত্রায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আসবে।
মানববন্ধনে অংশ নেওয়া ছাত্র ও যুবকরা বলেন, চা শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিশ্চিত করতে শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমি অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা চা শ্রমিকদের চার দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
চা শ্রমিক নেত্রীবৃন্দ দ্রুত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার দাবি জানান। তাদের মতে, নির্বাচিত ও জবাবদিহিমূলক শ্রমিক নেতৃত্ব থাকলে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন আরও শক্তিশালী হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চা কন্যা খাইরুন আক্তার, চা শ্রমিক নেত্রী সন্ধা রানী ভৌমিক, চান্দপুর চা বাগানের সভাপতি সাধন সাঁওতাল, জোয়ালভাঙ্গা চা বাগানের সভাপতি মনোদীশ বাবু, চাকলাপুঞ্জি চা বাগানের সাধারণ সম্পাদক নুর হোসেন, বেগমখান চা বাগানের সভাপতি লক্ষীচরণ বাক্তি, আশিষ তন্তবায় বেবুল, ভাষ্কর ভৌমিক, সাংবাদিক আব্দুল রাজ্জাক, সাংবাদিক আব্দুল জাহির, সাংবাদিক বাবলু তন্তবায় দীপুসহ বিভিন্ন চা বাগানের চা শ্রমিক, পঞ্চায়েত প্রতিনিধি, ছাত্র, যুবক ও শ্রমিক নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে চা শ্রমিকরা তাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার কথাও জানান শ্রমিক নেতারা।