বিশেষ প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার শিক্ষাবিদ, সংবাদমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্ব, শিক্ষানীতি বিশেষজ্ঞ এবং প্রতিনিধি দলের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আঞ্চলিক সম্মেলন ‘সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি-২০২৬’ (SAARC Education Conclave & Award Ceremony-2026)-এ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরামের (SJF) সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল এবং সাংবাদিক মোঃ আবদুর রহমান।
শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘শিক্ষালয়’ (Shikshlaya)-এর উদ্যোগে আগামী ২৯ অক্টোবর ২০২৬ ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে এ শিক্ষা সম্মেলন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সম্মেলনের মূল ভেন্যু নির্ধারণ করা হয়েছে মুম্বাইয়ের ঐরোলিতে অবস্থিত ‘কোরাল বেলস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ (Coral Bells International School & College, Airoli, Navi Mumbai, India)।
দিনব্যাপী এই আয়োজনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষা ও গণমাধ্যম খাতের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন। সম্মেলনের অংশ হিসেবে আন্তর্জাতিক ডেলিগেটদের নিয়ে স্থানীয় বিভিন্ন খ্যাতনামা স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শনের (School & University Visit) বিশেষ কর্মসূচি রাখা হয়েছে, যা আঞ্চলিক শিক্ষা বিনিময় ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান জানান, দক্ষিণ এশিয়ায় শিক্ষা, মুক্তচিন্তা ও পিস জার্নালিজম (শান্তি সাংবাদিকতা) প্রসারে শিক্ষা ও গণমাধ্যমের যৌথ উদ্যোগ অপরিহার্য। এই আঞ্চলিক প্ল্যাটফর্মটি ভারত ও বাংলাদেশের পাশাপাশি অন্যান্য সার্কভুক্ত দেশের আন্তঃসম্পর্ক ও শিক্ষামূলক ভাববিনিময়কে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান এবং দক্ষিণ এশীয় অঞ্চলে সাংবাদিকতা ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গুণী ব্যক্তিদের বিশেষ সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হবে।