এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. স্বপন মিয়া (২১) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
আজ বৃহস্পতিবার ১ অক্টোবর ভোর আনুমানিক ৫টায় উপজেলার কেতকিবাড়ী বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কেতকিবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো. রেজোয়ান রেজার নেতৃত্বে ডোমার থানাধীন সীমান্ত পিলার ৭৮৮/৫-এস থেকে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে দক্ষিণ কেতকিবাড়ী শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের এলাকায় অবস্থান নেয়।
পরে সন্দেহভাজন ওই ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করে।
আটককৃত স্বপন মিয়া নীলফামারী জেলার ডোমার থানার দক্ষিণ কেতকিবাড়ী গ্রামের মো. আ. সালামের ছেলে।
তল্লাশির সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ৭৫ হাজার ৪০০ টাকা।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, আটক আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির এমন তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।