এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়।
শনিবার দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্তে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
আটক সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে ‘মিনিস্টার’ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন। পুলিশ জানায়, শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। তিনি ভারত থেকে ‘অবৈধ পথে’ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।n
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে দহগ্রাম সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে নদী বা দুর্গম পথ পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন সাব্বির বিন শামস। এরপর ওই এলাকায় তার সন্দেহজনক চলাফেরা ও কথাবার্তা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত দহগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।